
আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সামরিক জান্তা। স্থলভাগে একের পর এক সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ জনপদ হাতছাড়া হলেও আকাশপথে হামলার সক্ষমতা ধরে রেখেছে তারা। বাজার, হাসপাতাল, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোতে ধারাবাহিক বিমান হামলায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা।
বিশ্লেষকদের মতে, স্থলভাগে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়ায় বিমান হামলার মাধ্যমে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে চাপ সৃষ্টি করছে জান্তা। এসব হামলার ফলে শুধু বেসামরিক মানুষের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে না, ব্যাহত হচ্ছে স্থানীয় অর্থনীতি, চিকিৎসাসেবা, যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমও।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে নতুন করে সংঘাত শুরুর পর থেকে রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। রাজ্যটির অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত সংগঠনটি একের পর এক সামরিক ঘাঁটি ও জনপদ দখল করায় স্থলভাগে জান্তার সামরিক অবস্থান, প্রশাসনিক কর্তৃত্ব ও রাজনৈতিক প্রভাব দুর্বল হয়েছে।
তবে ভূখণ্ড হারালেও বিমান, নৌবাহিনীর গোলাবর্ষণ এবং দূরপাল্লার কামানের মাধ্যমে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে মিয়ানমারের সামরিক বাহিনী। ফলে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্থলবাহিনী মোতায়েন ছাড়াই হামলা চালিয়ে মানবিক ও অর্থনৈতিক সংকট বাড়ানোর সুযোগ পাচ্ছে জান্তা।
বাজার ও চিকিৎসাকেন্দ্রে হামলায় প্রাণহানি
গত ২৮ সেপ্টেম্বর কিয়াউকতাও এলাকায় ইন্ডিয়া মার্কেট ও কিসাপানাদি সেতুর আশপাশে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপের (ডিএমজি) তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত এবং ৫৮ জন আহত হন। জাতিসংঘও কাছাকাছি সংখ্যার হতাহতের তথ্য জানিয়েছে। তবে স্বাধীন তদন্তকারীরা হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পেলেও হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
হামলায় স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র বাজারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবসায়ী, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং দৈনন্দিন বেচাকেনার ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবিকা হুমকির মুখে পড়ে। পণ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহও কঠিন হয়ে উঠেছে।
এর আগে গত ১ নভেম্বর ম্রাউক-উ এলাকায় একটি অস্থায়ী মাতৃসদনে বিমান হামলায় নবজাতকসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্স ঘটনাটি নথিভুক্ত করেছে। আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডিসিনস স্যানস ফ্রঁতিয়ের (ডক্টরস উইদাউট বর্ডার্স) এ হামলার নিন্দা জানিয়েছে।
চিকিৎসাকেন্দ্রে হামলার ফলে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হচ্ছে। আগে থেকেই চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে থাকা রাখাইনে এ ধরনের হামলা স্বাস্থ্যসেবার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরেও নিরাপত্তা নেই
যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো মানুষের আশ্রয়শিবিরও জান্তার বিমান হামলা থেকে নিরাপদ থাকছে না। গত ১৩ নভেম্বর পোনাগিউন টাউনশিপের বিয়ারলা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে বিমান হামলা চালানো হয়। স্থানীয় উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এতে শিশুসহ ১২ জন নিহত এবং ১৮ জন আহত হন।
এর আগে গত ৪ অক্টোবর একই আশ্রয়শিবিরে বিমান হামলায় ছয়জন বাস্তুচ্যুত মানুষ নিহত হয়েছিলেন। ফলে যুদ্ধের কারণে আগেই ঘরবাড়ি হারানো পরিবারগুলো নতুন করে নিরাপত্তাহীনতার মুখে পড়েছে।
আশ্রয়শিবিরে বারবার হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। খাদ্য ও চিকিৎসার সীমিত সুযোগের মধ্যে থাকা পরিবারগুলো নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
যোগাযোগ অবকাঠামো ধ্বংসে বিচ্ছিন্ন হচ্ছে জনপদ
জান্তার বিমান হামলায় সড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নভেম্বরের শুরুতে কিয়াউকতাও টাউনশিপে হামলায় যোগাযোগব্যবস্থার ক্ষতি হয়। পরবর্তী সময়ে মিনবিয়া, কিয়াউকফিউ ও রামরি এলাকায় আরও কয়েকটি সেতুতে হামলার খবর পাওয়া যায়।
এসব সেতু শুধু সামরিক যোগাযোগের জন্য নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপণ্য বাজারে নেওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং খাদ্য, ওষুধ ও মানবিক সহায়
Leave a Reply