
বিনোদন ডেস্ক
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং অভিনেতা সালমান খানের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সেই সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদে। এবার সাবেক দেহরক্ষীর এক বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাঁদের অতীত সম্পর্ক।
‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য এমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়ে লেখক কাবেরী বামজাই দাবি করেন, ‘কুছ না কাহো’ সিনেমায় ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের একসঙ্গে কাজ করা বিষয়টি সালমান খানের পছন্দ ছিল না। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন জানান, সালমান খানের কাছ থেকে নিরাপত্তা দিতে তাঁকে ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল।
কেতন বলেন, ‘আমি একসময় ঐশ্বরিয়ার দেহরক্ষী ছিলাম। আমাকে সালমানের জন্যই নিয়োগ করা হয়েছিল। মাত্র সাত দিনের জন্য আমাকে কাজে রাখা হয়েছিল, যাতে তাঁকে সালমানের হাত থেকে রক্ষা করতে পারি।’
তাঁকে নিয়োগের বিষয়টি সালমান খান জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে কেতন বলেন, ‘সালমান হয়তো জানতেন। তবে ঘটনাটি অনেক বছর আগের।’
দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনের সময় ঐশ্বরিয়াকে বাড়ি থেকে সিনেমার শুটিং সেটে নিয়ে যেতেন কেতন। আবার শুটিং শেষে তাঁকে বাড়িতে পৌঁছে দিতেন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফ্যাশন শোতেও অভিনেত্রীর সঙ্গে থাকতেন তিনি।
তবে চাকরি ছাড়ার পেছনে একটি বিশেষ ঘটনার কথা জানিয়েছেন কেতন। তিনি বলেন, এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি। অনুষ্ঠান শেষে অভিনেত্রীকে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তাঁদের সামনে পড়ে যান সালমান খান।
ঘটনাটিতে ঘাবড়ে যাওয়ার পর দেহরক্ষীর দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান কেতন।
সাবেক দেহরক্ষীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ঐশ্বরিয়া ও সালমানের অতীত সম্পর্ক নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর বক্তব্যের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়ার বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Leave a Reply