
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যস্ত সূচির কারণে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। দীর্ঘদিন পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আরেক গতি তারকা আনরিখ নরকিয়া।
শুক্রবার (২০ নভেম্বর) দুই ফরম্যাটের জন্য পৃথক দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা।
২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরেছেন নরকিয়া। একই ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন চোট কাটিয়ে ফেরা এনগিডিও। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সিনেথেম্বা কেশিলে।
আগামী ১ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ ফরম্যাটে প্রোটিয়াদের অধিনায়ক থাকবেন বিওর্ন ফরচুন।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যস্ত টেস্ট সূচির পর একাধিক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের কাজের চাপ সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছরের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে দলের সমন্বয় ও খেলোয়াড়দের সক্ষমতা যাচাইয়ের সুযোগ হিসেবেও বাংলাদেশ সিরিজকে কাজে লাগাতে চায় দল।
কনরাড বলেন, “ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের কাজের চাপ সামলাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যস্ত টেস্ট ক্রিকেটের পর আমরা একাধিক ফরম্যাটে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুন, জর্ডান হারম্যান, দুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
টি-টোয়েন্টি দল: বিওর্ন ফরচুন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, দুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
Leave a Reply