
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এ পথে আবারও যান চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, মহাসড়কে অবরোধ সৃষ্টির জন্য ফেলে রাখা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন বিভিন্ন স্থানে আটকে পড়েছিল। শুক্রবার সকাল থেকে সেগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণাঞ্চলের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটেও বাস চলাচল করছে।
এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর ও গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় বৃহস্পতিবার দিনভর খুলনা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ অংশ দিয়ে কোনো দূরপাল্লার বাস চলেনি। তবে গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে অল্পসংখ্যক বাস চলাচল করেছে।
মহাসড়কে সহিংসতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা-কলকাতা সরাসরি রুটের বাস চলাচল অব্যাহত ছিল। ভারত থেকে ফেরা যাত্রীরা এসব বাস ও ট্রেনে করে গন্তব্যে পৌঁছেছেন। এ ছাড়া বেনাপোল থেকে বিকল্প পথে বরিশালের বাস চলাচল করেছে।
শুক্রবার সকাল থেকে বেনাপোলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে যাত্রী কম থাকলেও বাস চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে সরাসরি কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে আবার নিয়মিত চলাচল শুরু হয়েছে।
বেনাপোলের সোহাগ পরিবহন ও রয়েল কোচ পরিবহনের কাউন্টার কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে, খুলনা থেকেও দূরপাল্লার কিছু বাস চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে এ বিষয়ে খুলনা পরিবহন মালিক সমিতির কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
পরিবহন মালিক ও শ্রমিকদের ভাষ্য, গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় নিয়ে কয়েকটি পরিবহন নিজ উদ্যোগে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। এসব বাস গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচল করছে। এ ছাড়া কিছু পরিবহন যশোর-মাগুরা ও আরিচা ফেরিঘাট ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে।
Leave a Reply