
বৈষম্যবিরোধী আন্দোলনে তিন মামলা, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোসাদ্দেক হোসেন বাবলু থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বুধবার ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে রাতেই তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে এবং অপর দুটি মামলা তদন্তাধীন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, বুধবার রাতে দেশত্যাগের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এদিকে, মোসাদ্দেক হোসেন বাবলু শারীরিকভাবে গুরুতর অসুস্থ বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
Leave a Reply