
অণলাইন ডেস্ক
ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, মানুষ হত্যা, ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না; যারা এসব করছে, তারা সন্ত্রাসী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গুম, খুন ও ক্রসফায়ার একসময় রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে সেই সরকারের পতনের পর দেশে স্বস্তি ফিরে আসে। কিন্তু পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দেওয়ার মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশ ভারত থেকে এই বাহিনীকে ইন্ধন দেওয়া হচ্ছে। দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি। কোনোভাবেই এই অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তার নেতার ইতিহাস বড় করে তুলে ধরতে গিয়ে দেশের প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান খাটো করে দেখানো হয়েছে।
নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র চালাচ্ছে।
বক্তব্য শেষে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply