
মহসিন মিয়া ,লালমনিরহাট।
লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় নির্মাণাধীন ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল আগামী ১৯ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খালটি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই খালটিকে মডেল খাল বলা হচ্ছে এ কারণে যে, বাংলাদেশে সাধারণত যেসব খাল খনন করা হয়, সেগুলো মূলত পানি সংরক্ষণ ও পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হয়। তবে এই খালটি বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, খালের দুই ধারে গাছ লাগানো হবে। এখানে কৃষকেরা হাঁস ও মাছ চাষ করবেন। পাশাপাশি গড়ে তোলা হবে কুটিরশিল্প। এ জন্যই খালটিকে মডেল খাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এলাকার হতদরিদ্র মানুষদের সমবায়ভিত্তিক গ্রুপ তৈরি করে দেওয়া হবে। এরমধ্যে উপকারভোগীদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাছ ও হাঁস চাষে উদ্বুদ্ধ করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা মনে করি, মাছে-ভাতে বাঙালি- এই ধারণার পূর্ণরূপ দেওয়ার জন্যই আমরা এই খালটির নাম মডেল খাল দিয়েছি। আমাদের কাজ চলছে। আগামী ১৯ তারিখের আগেই সব কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।’
ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাট এলাকার এই খাল অন্যতম।
তিনি আরও জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে।প্রধানমন্ত্রীর সফরে খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
Leave a Reply