
দ্বিতীয় তলার কক্ষে পুড়েছে আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র, আগুনের কারণ নিয়ে ধোঁয়াশা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ক্লাস চলাকালে পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পায়রাবন্দ ইউনিয়নে বেগম রোকেয়ার জন্মভূমিতে অবস্থিত বিদ্যালয়টির একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কক্ষের বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নাকচ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা পারভিন মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে আকস্মিকভাবে বিদ্যালয় ভবনে আগুন লাগার কথা উল্লেখ করে চার হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তিনি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিদ্যালয় ভবনে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগার সময় বিদ্যালয়ে ক্লাস চলছিল। শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই সেখানে ছিলেন। বহিরাগত কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।
তিনি আরও বলেন, ওই সময় এলাকায় লোডশেডিং চলছিল। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। শিক্ষকদের চা তৈরির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষকরা বিষয়টি স্বীকার করেননি।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply