
লাইফস্টাইল ডেস্ক
বই পড়তে ভালো লাগে, কিন্তু নিয়মিত পড়ার অভ্যাস গড়ে উঠছে না—এমন সমস্যায় অনেকেই ভোগেন। কেউ বই পড়তে চান, কিন্তু শুরু করতে পারেন না। আবার কেউ কয়েক পৃষ্ঠা পড়ার পরই আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ সঠিক বই নির্বাচন, উপযুক্ত পরিবেশ ও ছোট ছোট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে বই পড়াকে আনন্দদায়ক অভ্যাসে পরিণত করা সম্ভব।
একাডেমিক পড়াশোনার বাইরে নিজের আনন্দের জন্য বই পড়তে চাইলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই বই পড়ার আগ্রহ বাড়ানো যায়।

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
বই পড়ার কথা ভাবলেই মানসিক চাপ নেওয়ার প্রয়োজন নেই। একটি বই শুরু করলে সেটি শেষ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভালো না লাগলে যেকোনো সময় বইটি রেখে অন্য বই শুরু করতে পারেন। বই পড়াকে দায়িত্ব নয়, আনন্দের অংশ হিসেবে ভাবতে শিখুন।
বই পড়ার জন্য নিরিবিলি ও স্বস্তিদায়ক পরিবেশ বেছে নিন। ঘরের বারান্দা, ছাদ, পার্ক কিংবা শান্ত কোনো ক্যাফেতে বসে বই পড়তে পারেন। চাইলে পাশে এক কাপ চা বা কফিও রাখতে পারেন।
পড়ার সময় মনোযোগ ধরে রাখতে ফোন দূরে রাখুন। প্রয়োজন হলে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা বৃষ্টির শব্দ শুনতে পারেন।

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
হাতের কাছে বই রাখুন: বাসা, অফিস কিংবা ভ্রমণের সময় সঙ্গে একটি বই রাখার অভ্যাস করুন। চোখের সামনে বই থাকলে অবসর সময়ে পড়ার সুযোগ তৈরি হবে।
বই পড়ার আগ্রহ বাড়াতে প্রথমেই নিজের পছন্দের বিষয় খুঁজে বের করুন। আপনি কী ধরনের সিনেমা বা গল্প দেখতে পছন্দ করেন, সেটি বিবেচনায় নিতে পারেন।
রহস্য ও থ্রিলার ভালো লাগলে গোয়েন্দা গল্প দিয়ে শুরু করুন। রোমান্টিক গল্প, ফ্যান্টাসি কিংবা সায়েন্স ফিকশন পছন্দ হলে সেই ধরনের বই বেছে নিন। তবে একঘেয়েমি এড়াতে মাঝে মাঝে ভিন্নধর্মী বইও পড়ুন।
ছাপা বই হাতে নিয়ে পড়ার আলাদা আনন্দ রয়েছে। তবে সব সময় ছাপা বই সংগ্রহ করা সম্ভব না হলে মোবাইল বা ট্যাবে পিডিএফ পড়তে পারেন। আবার ব্যস্ততা কিংবা পড়ার পরিবেশের অভাব থাকলে অডিওবুকও হতে পারে ভালো বিকল্প।
মূল বিষয় হলো, যে মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি বেছে নেওয়া।
প্রথমেই বড় ও কঠিন কোনো বই দিয়ে পড়া শুরু করবেন না। ছোট গল্প, সহজ ভাষার উপন্যাস কিংবা পছন্দের বিষয়ের সংক্ষিপ্ত বই বেছে নিন। এতে পড়ার প্রতি ভয় ও অনীহা কমবে।
পাশাপাশি বন্ধুদের সঙ্গে বই নিয়ে আলোচনা করুন। সামাজিক যোগাযোগমাধ্যমের বইবিষয়ক গ্রুপ কিংবা গুডরিডসের মতো অনলাইন কমিউনিটিতে যুক্ত হতে পারেন। অন্যদের বইয়ের রিভিউ ও অভিজ্ঞতা থেকেও নতুন বইয়ের সন্ধান পাবেন।
বই পড়ার অভ্যাস গড়তে প্রতিদিন নির্দিষ্ট সময় বের করুন। শুরুতে ১০ মিনিট অথবা মাত্র এক পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখতে পারেন। চাইলে একটি অনুচ্ছেদ দিয়েও শুরু করতে পারেন।
প্রথম থেকেই বেশি পড়ার চাপ না নিয়ে ধীরে ধীরে সময় বাড়ান। নিয়মিত অল্প পড়ার অভ্যাসই একসময় আপনাকে দীর্ঘ সময় বই পড়তে উৎসাহিত করবে।

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
একই ধরনের বই পড়তে পড়তে একঘেয়েমি আসতে পারে। এ ক্ষেত্রে একাধিক বই পড়ার অভ্যাস করতে পারেন। গল্প, উপন্যাস কিংবা তথ্যভিত্তিক বই—মেজাজ ও আগ্রহ অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।
একটি বই শেষ না হওয়া পর্যন্ত অন্য বই শুরু করা যাবে না—এমন নিয়মেরও প্রয়োজন নেই।
সব বই সবার ভালো লাগবে, এমন নয়। কোনো বই পড়তে গিয়ে আগ্রহ না পেলে সেটি বাদ দিতে পারেন। বইটি বিখ্যাত কিংবা জনপ্রিয় হলেও নিজেকে জোর করার প্রয়োজন নেই।
বরং নিজের পছন্দের বিষয় ও লেখকের বই খুঁজে বের করুন। এতে বই পড়ার প্রতি আগ্রহ ধরে রাখা সহজ হবে।
সব বইয়ের প্রতিটি বর্ণনা সমানভাবে আকর্ষণীয় নাও হতে পারে। কোনো অংশ বেশি দীর্ঘ বা একঘেয়ে মনে হলে দ্রুত চোখ বুলিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। নিজের মতো করে পড়ার আনন্দ উপভোগ করুন।
গল্প বা উপন্যাস পড়ার সময় প্রতিটি ঘটনা লিখে রাখা কিংবা গুরুত্বপূর্ণ অংশ মুখস্থ করার প্রয়োজন নেই। একাডেমিক পড়াশোনার মতো চাপ না নিয়ে গল্পের চরিত্র, ঘটনা ও অনুভূতি উপভোগ করুন।
পছন্দের কোনো উক্তি বা অংশ ভালো লাগলে চাইলে দাগিয়ে রাখতে পারেন। তবে নোট নেওয়ার অভ্যাস না থাকলে সেটি নিয়েও বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই।
সবশেষে মনে রাখুন, বই পড়ার অভ্যাস একদিনে তৈরি হয় না। নিজের পছন্দের বই দিয়ে অল্প সময় পড়া শুরু করুন। নিয়মিত চর্চা ও আগ্রহের মধ্য দিয়েই বই পড়া একসময় আপনার দৈনন্দিন জীবনের আনন্দদায়ক অংশ হয়ে উঠবে।
Leave a Reply