1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল যুগান্তকারী: প্রধানমন্ত্রী - রংপুর সংবাদ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ ৪১ জন নিহতের দাবি হুথিদের বই পড়ার অভ্যাস গড়বেন যেভাবে, জেনে নিন ১০টি কার্যকর কৌশল জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল যুগান্তকারী: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হতে হবে: মীর শাহে আলম চা পানে কমতে পারে হৃদরোগ, স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকি বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, বিশ্রামে তারকারা সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বাস চলাচল শুরু

জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন নিউজটি পড়েছেন
প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না।

বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তাঁর শেষ অংশগ্রহণ।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক।

বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun