
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনজুড়ে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ। এসব হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন।
শনিবার (২১ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-মাসিরাহ।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ শিশু ও সাতজন নারী রয়েছেন। আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। তবে ইয়েমেনের ঠিক কোন কোন এলাকায় এসব হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হতাহতের এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সানা ছাড়াও হোদাইদাহ, তাইজ, লাহজ, সা’আদাহ, মারিব ও আল-জাওফসহ বিভিন্ন এলাকায় ৭৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইয়াহিয়া সারি আরও দাবি করেন, উত্তেজনা বৃদ্ধির পর থেকে সৌদি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ৫ হাজার ৪২৯টিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে সৌদি হামলার জবাবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পাল্টা আঘাত হানার দাবি করেছে হুথিরা। ইয়াহিয়া সারি পৃথক বিবৃতিতে জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে হামলা চালিয়েছে তাদের বাহিনী।
হুথি মুখপাত্রের দাবি, ইয়েমেনের সা’আদাহ প্রদেশের বিদ্যুৎকেন্দ্র এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরে সৌদি হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎ অবকাঠামোয় ভবিষ্যতে আরও হামলা হলে সৌদি আরবের একই ধরনের স্থাপনায় পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে জোটটি।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট।
Leave a Reply