
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার ভঙ্গুর হবে, আশঙ্কা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। সাড়ে ১৫ বছর দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয়ে প্রবেশ করতে পারেননি দলের নেতাকর্মীরা। এমনকি শেষ মুহূর্তে দলটিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, চার দিনের মাথায় সাধারণ মানুষের আন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এ জন্য মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানান তিনি।
গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে সরকার পরিচালনা করলে সেই সরকার ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না; বরং অতীতের ফ্যাসিবাদী শক্তি আবারও সুযোগ পাবে।
তিনি বলেন, সমস্যা সরকার তৈরি করেছে, তাই সমাধানের পথও সরকারকেই বের করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়ন করা হলে নতুন করে জাতীয় ঐক্য গড়ার প্রয়োজন হবে না। ২০২৪ সালের আন্দোলনের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।
বিরোধী দলগুলোর ওপর অতীতে চালানো নির্যাতনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছে। দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দিয়ে হত্যার আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে; কেউ ফাঁসিতে, আবার কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে দাবি করেন জামায়াত আমির।
নির্বাচনের পরদিন থেকেই বর্তমান সরকারি দল তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না, গণভোটের রায় উপেক্ষা করা হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চলছে। এতে জনগণের মধ্যে হতাশা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দলের নেতাকর্মীরাও অতীতে হত্যা, গুম, নির্যাতন, দেশত্যাগ, চাকরি হারানো ও ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছেন। তারপরও কেন তারা অবস্থান পরিবর্তন করে প্রতিশ্রুতি থেকে সরে গেলেন, তার ব্যাখ্যা সরকারকে জনগণের সামনে দিতে হবে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, লোকবল নিয়োগ ও কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনবল প্রত্যাহার করা হয়েছে। এটিকে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতির লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বলা হলেও এখন সংশোধনের পথে হাঁটা হচ্ছে। তাঁর দাবি, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসে, তা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে না। অন্যদিকে সংবিধান সংশোধনের মাধ্যমে আনা পরিবর্তন আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব। এ কারণে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
অতীতের রাজনৈতিক ধারায় ফিরে না গিয়ে মেধাভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, আন্দোলনের অন্যতম দাবি ছিল মেধার মূল্যায়ন। সেখানে দলীয় আনুগত্য নয়, যোগ্যতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য। কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের পরিবর্তে দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, বাজারদরের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তাঁর অভিযোগ, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। সব দায় অতীতের সরকার ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ওপর চাপিয়ে দিয়ে বর্তমান সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। শিল্পে অস্থিরতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন, শিল্প ও শ্রমিক—দুটিই পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেও শিল্প টিকে থাকবে। তাই শিল্পের স্বার্থ রক্ষার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও জীবনমান নিশ্চিত করতে হবে।
তৈরি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলোর কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এ শিল্পকে দুর্বল করার পেছনে কোনো ভূমিকা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি ।
Leave a Reply