
কুড়িগ্রাম প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারত সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, দলটি একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, নিজেদের সংশোধনের কোনো উদ্যোগ তাদের নেই।
আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, প্রকল্পটির সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply