1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫ - রংপুর সংবাদ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫ শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন নিউজটি পড়েছেন
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় সম্মেলন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় সম্মেলনস্থলের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় অতিথিরা আসন গ্রহণ করার পরপরই একদল লোক সম্মেলনস্থলে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালানো হয়। পরে জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষের মধ্যে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সম্মেলন পণ্ড হয়ে যায়। এ সময় ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে সংগঠনের কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন, সংঘর্ষের সময় পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সাংবাদিকদের কাছে সন্তোষ শর্মা অভিযোগ করেন,ঐক্য ফ্রন্ট নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, আইনগতসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন। তাদের দাবি, সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আবারও কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে—এমন খবর পেয়ে সাধারণ নেতাকর্মীরা বিষয়টি জানাতে সেখানে গিয়েছিলেন। হামলা বা ভাঙচুরের সঙ্গে তারা জড়িত নন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

মহানগর যুবদলের আরেক নেতা শ্রী বিপ্লবও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun