
নিজস্ব প্রতিবেদক : রংপুর
প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর মহানগরীতে আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং এ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ হরতাল কোনো নির্দিষ্ট গোষ্ঠী, শ্রেণি বা রাজনৈতিক দলের স্বার্থে নয়; বরং সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে আহ্বান করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন হিসেবে তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে চান। এ ক্ষেত্রে পেশিশক্তি বা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
হরতাল সফল করতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে বলে জানান তিনি।
পলাশ কান্তি নাগের অভিযোগ, পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। জনমত উপেক্ষা করে একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। এতে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। তিনি বলেন, বিদ্যুৎ কোনো মুনাফার পণ্য নয়, এটি জনগণের অধিকার। বিদ্যুৎ বিভাগের সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, আগের সরকারের আমলে নেওয়া প্রিপেইড মিটার প্রকল্প এখনো বহাল রয়েছে এবং বর্তমান সরকারও গ্রাহকদের সমস্যার যথাযথ সমাধান করছে না। এ কারণে দল-মতনির্বিশেষে সবাইকে হরতাল কর্মসূচিতে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে, একই দাবিতে গত ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
সংগঠনটির রংপুর জেলা শাখার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর একটি দরিদ্রপীড়িত অঞ্চল। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম, লোডশেডিং, ভুতুড়ে বিল এবং প্রিপেইড মিটারের বাড়তি ব্যয় গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
Leave a Reply