1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ১ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন

গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন নিউজটি পড়েছেন
গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ
গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

রংপুর প্রতিনিধি:

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে পুলিশ। মাদক সেবন নয়, মূলত চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে প্রবেশ করেছিলেন দুই অভিযুক্ত। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।

তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

এ ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি পুলিশের।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, এ হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল চুরি। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্যের ভিত্তিতেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।

তিনি জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, তাদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় এবং পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামির বাইরে অন্য কারও ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই বলে আসছি, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের বক্তব্য গুরুত্ব পায়নি।

আগের পুলিশ কমিশনারের বক্তব্যে যা ছিল

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। এ সময় তাদের দেখে ইয়াবা সেবনের বিষয়ে প্রশ্ন করলে দুই আসামি তার গলায় থাকা গামছা পেঁচিয়ে হত্যা করেন।

তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করেন দুই আসামি। এরপর ঘুমন্ত অবস্থায় ছোট ছেলে আয়ুশকে হত্যা করা হয়।

তৎকালীন পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের পর দুই আসামি কিছু সময় বাড়ির ভেতরেই অবস্থান করেন। তারা গোসল করেন, ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান এবং পরে ইয়াবা সেবন করেন। জুমার নামাজের সময় বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা করেন তারা। ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির আসবাবপত্র এলোমেলো করে এবং আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যান। বের হওয়ার আগে বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন বলেও দাবি করেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

পুলিশ জানায়, দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের নয় দিন পর তাদের ডোপ টেস্ট করা হলেও শরীরে মাদক সেবনের কোনো প্রমাণ মেলেনি।

এদিকে, একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই আসামির একার পক্ষে হত্যাকাণ্ড সংঘটনের বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা। মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun