1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা - রংপুর সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহির মাতৃত্বের থিম, পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা ট্যাটু আঁকা নিষিদ্ধ, তবে শরীরে থাকলে অজু হবে কি? এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ উত্তরপত্রে রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর

রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ জন নিউজটি পড়েছেন
রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা
রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিন মাস পর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে গিয়ে বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে একাধিক অসংগতি এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য হিসেবে চুরির বিষয়টি উল্লেখ থাকলেও গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রতিবেদন সংযুক্ত না করার বিষয়টি সামনে আসায় সেটি জমা না দিয়েই ফিরিয়ে নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি ধরা পড়ে। পরে অভিযোগপত্রটি সংশোধনের জন্য ফিরিয়ে নেন তিনি।

এ ঘটনায় চার খুনের মামলার তদন্তের মান ও পূর্ণাঙ্গতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগপত্রে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

আদালত সূত্রে জানা গেছে, তদন্তে প্রাপ্ত বিভিন্ন আলামত ও ফরেনসিক প্রতিবেদন যথাযথভাবে উপস্থাপন না করেই গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছিল। অথচ সিআইডির ফরেনসিক পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। এসব গুরুত্বপূর্ণ প্রতিবেদন অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়নি বলে জানা গেছে।

এ ছাড়া হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে বলে নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের পক্ষ থেকে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সে বিষয়গুলো তদন্তে যথাযথ গুরুত্ব পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

যেভাবে ফিরিয়ে নেওয়া হলো অভিযোগপত্র

রোববার সকালে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আদালত চত্বরে উপস্থিত হন।

সেখানে দেখা যায়, মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী মামলার নথি, অভিযোগপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে এসেছেন। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় আদালতের এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, অভিযোগপত্র পর্যালোচনা করতে গিয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি নজরে আসে। পরে তদন্ত কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেওয়া হয়। এরপর জিন্নাত আলী অভিযোগপত্র জমা না দিয়েই সব নথি নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সনাতন চক্রবর্তী।

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরির চেষ্টা করেছেন তিনি। অভিযোগপত্রে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে নথিতে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত তা আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

খেজুরের বিচি, শসা ও গামছায় আসামিদের ডিএনএ

গত ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় উদ্ধার করা কয়েকটি আলামতে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পাওয়া গেছে।

সিআইডির ফরেনসিক পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়েছিল।

তখন তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানিয়েছিলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে চার হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহত চারজন ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ শনাক্ত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।

গত ৯ অক্টোবর ঢাকার সিআইডি কার্যালয় থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ৩১ ধরনের নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ ও দুই আসামির রক্তের নমুনা।

ধর্ষণের আলামত মেলেনি

চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে মা ও মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তার ভাষ্যে যেভাবে হত্যা করা হয়

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী।

তাঁর ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীকে সিদ্ধার্থ ও মুগ্ধ দুজন মিলে হত্যা করেন। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন মুগ্ধ দাস। তাঁদের কলেজপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ দাস। আর ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করেন দুই আসামি মিলে।

উদ্দেশ্য ছিল টাকা ও স্বর্ণালংকার চুরি

গত ১২ অক্টোবর হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানিয়েছিলেন, আসামিরা খবর পেয়েছিলেন অবসরের পর গণপতি চক্রবর্তী ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। এ ছাড়া বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার রয়েছে বলেও তাঁদের ধারণা ছিল।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মূলত চুরির উদ্দেশ্যেই আসামিরা বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করেন। এরপর পরিবারের সদস্যদের একে একে হত্যা করেন।

তিনি আরও জানিয়েছিলেন, মামলায় এলাকার শান্ত দাস, সীমান্ত দাস, দুলাল শর্মা ও কেন্দ্রীয় মহাশ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ৫৬ জন।

যেভাবে উদ্ধার হয় চারজনের মরদেহ

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর নগরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

পরে পুলিশ গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁদের রংপুর কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাঁরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলাটি প্রথমে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun